রংপুরের তারাগঞ্জে কৃত্রিমভাবে টিএসপি সারের সংকট সৃষ্টি করার অভিযোগে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নতুন চৌপুতী বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাব্বর হোসেন।
অভিযানকালে অভিযোগ প্রমাণিত হলে কৃষি বিপণন আইন, ২০১৮–এর ১৯(১)(ড) ধারায় মেসার্স সোনালী বানিজ্য বিতাণের স্বত্বাধিকারী ডিলার মো: মনিরুজ্জামান সোহাগকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোনাব্বর হোসেন বলেন,
“টিএসপি সারের কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা প্রশাসন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখবো। যারা এ ধরনের কালোবাজারির সাথে সম্পৃক্ত, আমরা তাদের শনাক্ত করে আইনের আওতায় আনবো।”
এ সময় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি এবং থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


Reporter Name 

