নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরের তারাগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকেরা (FPI)।
বৃহস্পতিবার সকাল থেকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্যকর্মীরা এ কর্মসূচি পালন শুরু করেন। কর্মসূচি বাস্তবায়ন করছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক অধিকার আদায় পরিষদ।
কর্মসূচিতে বক্তব্য দেন হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম, আলমপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিরোজ আলম এবং হাড়িয়ারকুঠি ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা শাহিনা আক্তার।
হাড়িয়ারকুঠি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম বলেন, “আমরা কেন্দ্রের নির্দেশে আন্দোলন চালিয়ে যাচ্ছি। পরিবার পরিকল্পনা কর্মীরা মাঠ পর্যায়ের প্রধান চালিকা শক্তি। দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন আমাদের ন্যায্য দাবি।”
আলমপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিরোজ আলম বলেন, “আমরা একটি ইউনিয়নের বিশাল দায়িত্ব পালন করি। যে পদে নিয়োগ পাই, সেই পদেই বিদায় নিতে হয়—এটা বড় বৈষম্য। তাই দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন চাই।”
পরিদর্শিকা শাহিনা আক্তার বলেন, “২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত হচ্ছি। ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করি, মাসে ২৫ থেকে ৩০টি নরমাল ডেলিভারি পরিচালনা করি—কিন্তু প্রাপ্ত মর্যাদা পাই না। তাই দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন জরুরি।”
অন্য বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় মাঠপর্যায়ে কর্মরতরা বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন। অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই।
বক্তারা দ্রুততম সময়ে গঠিত নিয়োগ বিধি প্রকাশ ও কার্যকর করার দাবি জানান। তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কাঠামোগত অনিশ্চয়তা তাদের কাজে বাধা সৃষ্টি করছে।
কর্মসূচিতে জানানো হয়—দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
শফিউল মন্ডল 


