রংপুরের মিঠাপুকুর উপজেলায় ধানের ক্ষেতে মিলল এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, সকালে ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় কৃষক আব্দুল করিম হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। দ্রুত তিনি ধানের ক্ষেতে গিয়ে দেখতে পান—খোলা আকাশের নিচে পড়ে আছে একটি শিশু, গলায় কান্নার শব্দ থেমে থেমে ভেসে আসছে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ছুটে যান।
পরে এলাকাবাসী শিশুটিকে প্রাথমিক সেবা দিয়ে বুকে আগলে রাখেন এবং দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান বলেন, “গ্রামবাসী নবজাতকটিকে উদ্ধার করে আমাদের খবর দেয়। এরপর পুলিশ সদস্যদের মাধ্যমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ আছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে— তা জানতে আমরা তদন্ত করছি।”
মানবিকতার এমন হৃদয়স্পর্শী ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শফিউল মন্ডল 











