রংপুরের তারাগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেনকে বরণ করে নিতে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে এক পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতারা ও সুধীজনরা উপস্থিত ছিলেন। নতুন ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান উপস্থিত অতিথিরা।
বক্তব্যে নবাগত ইউএনও মোনাববর হোসেন বলেন, “তারাগঞ্জবাসীর উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সেবার মান বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় কাজ করবো।” তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, সমন্বিত প্রচেষ্টায় তারাগঞ্জকে একটি উন্নত ও আদর্শ উপজেলায় পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা নতুন ইউএনওকে শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বে তারাগঞ্জের সার্বিক উন্নয়ন আরও গতিশীল ও জনগণবান্ধব হবে বলে আশা প্রকাশ করেন। উপস্থিত সবার মধ্যে ইতিবাচক পরিবেশে পরিচিতি পর্ব ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
শফিউল মন্ডল 


