গত ১৬ই নভেম্বর ২০২৫ ইং তারিখে দৈনিক রূপবানী পত্রিকায় “সত্যকে আড়াল করার জন্য মোটা অংকের টাকার বিনিময়ে পত্রিকায় মিথ্যা বিজ্ঞাপন” শিরোনামে প্রকাশিত সংবাদে আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয়েছে—তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত সংবাদের একাংশে আমাকে— আমজাদ হোসেন সরকার, সাধারণ সম্পাদক, রংপুর সদর উপজেলা বিএনপি— তথ্যদাতা হিসেবে উল্লেখ করে যে অসত্য ও মনগড়া বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
আমি উক্ত সংবাদদাতা সাংবাদিককে চিনি না, জানি না, এবং তিনি কখনো আমার কাছে কোনো তথ্য নেওয়ার জন্য যোগাযোগও করেননি।
প্রকাশিত প্রতিবেদনে প্রদীপ চন্দ্র রায়কে জড়িয়ে আমার নামে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্টভাবে জানাচ্ছি— প্রদীপ চন্দ্র রায় ব্যক্তিজীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, অতীতেও ছিলেন না। তিনি একজন সম্পূর্ণ অরাজনৈতিক ও সাধারণ নাগরিক।
আমি মনে করি—একটি স্বার্থান্বেষী মহল আমাকে এবং প্রদীপ রায়কে জড়িয়ে রাজনৈতিক ও সামাজিক বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এই মিথ্যা সংবাদ পরিবেশন করেছে, যা আমাদের ব্যক্তিগত মর্যাদা ও এলাকাবাসীর ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
উক্ত প্রতিবেদনে আমাকে জড়িয়ে যে সকল অসত্য, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে—তার বিরুদ্ধে আমি কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
সকলকে অনুরোধ করছি—এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য। পাশাপাশি, আমি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
আমজাদ হোসেন সরকার
সাধারণ সম্পাদক
রংপুর সদর উপজেলা বিএনপি
অনুসন্ধানী সংবাদ ডেস্ক নিউজ 











